কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সময়মতো সার না পাওয়া ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ক্ষুব্ধ কৃষকরা এক সার ডিলারের গুদাম ভাঙচুর করেছেন। খবর পেয়ে কচাঁকাটা থানা পুলিশ ও স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলার নাগেশ্বরী উপজেলার কচাঁকাটা বাজারে মেসার্স কাশেম ট্রেডার্স নামের এক ডিলারের গুদামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারে সার কিনতে এসে সারের গুদাম বন্ধ দেখতে পেয়ে বিপাকে পড়েন এলাকার কৃষকেরা। ডিলারের দীর্ঘদিনের টালবাহানা ও অনিয়মের প্রতিবাদে একপর্যায়ে বিক্ষুব্ধ কৃষকরা উক্ত প্রতিষ্ঠানের সারের গুদামের বেড়া ভাঙচুর শুরু করেন। এ সময় ডিলারের লোকজনের সাথে কথা-কাটাকাটি হলে পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত কৃষকদের সাথে কথা বলেন এবং ন্যায্য সমাধানের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন।
কৃষকদের অভিযোগ, চলতি কৃষি মৌসুমে নির্ধারিত সময়ে ও ন্যায্যমূল্যে সার না পেলে চাষাবাদ মারাত্মক ব্যাহত হবে এবং উৎপাদন খরচ বহুগুণ বেড়ে যাবে। এ ঘটনায় ডিলারের সার বরাদ্দ ও বিক্রয়ে অনিয়ম রয়েছে কি না, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।